বাজার করা নিয়ে ঝগড়া: ঝিনাইদহে রুমমেটের ছুরিকাঘাতে পলিটেকনিক শিক্ষার্থী নিহত, আটক ১
- Update Time : ১০:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৭ Time View

রাসেল হোসেন ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পৌর এলাকার মহিলা কলেজপাড়ায় মেসের বাজার করা নিয়ে সামান্য কথা-কাটাকাটির জের ধরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুমমেটকে উদ্ধারকৃত হত্যায় ব্যবহৃত ছুরি-সহ আটক করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। আটককৃত অভিযুক্ত রুমমেটের নাম লিখন (১৬)। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাড়িবাথান মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও মেস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মহিলা কলেজপাড়ার একটি ভাড়া মেসে একসঙ্গে থেকে পড়াশোনা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দৈনন্দিন মেসের বাজার করা ও হিসাব-নিকাশ নিয়ে কাউসার ও লিখনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাউসার ক্ষিপ্ত হয়ে লিখনকে থাপ্পড় মারেন। এতে উত্তেজিত হয়ে লিখন ঘরে থাকা ধারালো ছুরি দিয়ে কাউসারের পিঠে সজোরে আঘাত করে।
এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তিতে লিখনও আংশিক আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাউসারকে মৃত ঘোষণা করেন। আহত লিখনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারসহ অভিযুক্ত লিখনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























