কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৪নং বাহাগিলি ৭ নম্বর ওয়ার্ডে ১০ বোতল বাংলা মদসহ অটো জব্দ, চালকের স্বীকারোক্তি
- Update Time : ০৩:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ৬৪ Time View

নিজস্ব প্রতিবেদক:নবাব
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ৪নং বাহাগিলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় সচেতন যুবসমাজ, ইউপি সদস্য এবং পুলিশের সহযোগিতায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০ বোতল বাংলা মদসহ একটি মাদকবাহী অটো ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় মাদকের মূল কারবারি পালিয়ে গেলেও অটো ভ্যান চালক আটক হয়ে নিজের মুখে সমস্ত ঘটনা স্বীকার করেন।
ঘটনাটি ঘটেছে উত্তর বাহাগিলি ৭ নম্বর ওয়ার্ডের খামারপাড়া নেতার বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রী মানিক চন্দ্র এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। শ্রী মানিক চন্দ্রের বাসার আশপাশের মানুষেরা জানান, তার বাড়িতে মাদক সেবনকারীদের দিনরাত অবাধ যাতায়াতের কারণে এলাকাবাসী চরম অতিষ্ট হয়ে পড়েছিলেন। এলাকার পরিবেশ রক্ষার্থে এবং এই মাদক কারবারকে চিরতরে উচ্ছেদ করার জন্য তারা নিজেরাই উদ্যোগ গ্রহণ করেন এবং আশপাশের কিছু সচেতন মানুষকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয়দের নিখুঁত গোয়েন্দা তথ্য, গ্রাম্য পুলিশ, ইউপি সদস্য এবং সচেতন যুবসমাজের যৌথ উদ্যোগে অত্যন্ত সুন্দর ও সফলভাবে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১০ বোতল বাংলা মদসহ একটি অটো ভ্যান জব্দ করা হয়। টের পেয়ে মাদকের মূল ব্যবসায়ী শ্রী মানিক চন্দ্র পালিয়ে যেতে সক্ষম হলেও, অটোভ্যানের চালক পালাতে ব্যর্থ হন এবং সবার সামনে মাদক ব্যবসার বিষয়টি নিজের মুখে স্বীকার করেন।
এই পুরো অভিযানটি নিখুঁতভাবে সম্পন্ন করতে স্থানীয় যুবকদের মধ্যে শ্রী গনেশ চন্দ্র, শ্রী প্রদীপ চন্দ্র ও শ্রী বাবু রায়সহ আরও বেশ কিছু তরুণ অগ্রণী ভূমিকা পালন করেন। তারা জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের উদ্যোগে তারা সবসময় প্রস্তুত রয়েছেন।
পরে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত মাদক ও অটোভ্যানসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রশাসনের হাতে সোপর্দ করা হয়। মাদকের মতো এমন অভিশাপ থেকে সমাজকে রক্ষায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।





















