সভাপতি পদে ছাতা প্রতীকে মো. আলমগীর, সাধারণ সম্পাদক পদে আতাউল গনি ওসমানী মাহফুজ টিউবওয়েল মার্কায় বিজয়ী
- Update Time : ১০:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।
১লা আগষ্ট ২০২৬ইং ফেনী।
দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন লেমুয়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন–২০২৬
সভাপতি পদে ছাতা প্রতীকে মো. আলমগীর, সাধারণ সম্পাদক পদে আতাউল গনি ওসমানী মাহফুজ বিজয়ী; শান্তিপূর্ণ ভোটগ্রহণে সন্তুষ্ট ব্যবসায়ীরা
দীর্ঘদিন পর উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লেমুয়া বাজার ব্যবসায়ী সমিতি (পরিচালনা কমিটি) নির্বাচন–২০২৬। শনিবার (১ আগস্ট) ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপস্থিত ব্যবসায়ী, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীকে মো. আলমগীর ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ আলমগীর পেয়েছেন ১২০ ভোট এবং চেয়ার প্রতীকের মো. ওমর ফারুক পেয়েছেন ৬৫ ভোট।
সহ-সভাপতি পদে বাস প্রতীকের মো. জসিম উদ্দিন ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীকের কামাল উদ্দিন পেয়েছেন ৯২ ভোট এবং ফুটবল প্রতীকের জাহাঙ্গীর আলম পিপলু পেয়েছেন ৩৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে টিউবওয়েল প্রতীকের আতাউল গনি ওসমানী মাহফুজ ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের হায়দার হোসেন পাটোয়ারী পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া কাপ-পিরিচ প্রতীকের সাইফ উদ্দিন (সাইফুল) পেয়েছেন ৪৪ ভোট এবং মোবাইল প্রতীকের কাজী রিফাতুল মামুন পেয়েছেন ৩৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাঁস প্রতীকের মো. সোহেল ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাইক প্রতীকের মো. জাহেদুল হক চৌধুরী পেয়েছেন ১২৯ ভোট এবং ঘোড়া প্রতীকের মো. আলমগীর পেয়েছেন ৬৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে কলস প্রতীকের কাজী অলি উল্ল্যাহ ২৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৮৫ ভোট। নির্বাচনে মোট ১২টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লেমুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জসিম উদ্দিন। কমিশনের সদস্য ছিলেন শাহ আলম মিয়াজি, কামরুল ইসলাম, ছালেহ আহম্মদ, আনোয়ার হোসেন টিটু এবং ইউনিয়ন পরিষদের সচিব অনুপম দাস।
নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেমুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী। তিনি ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে শুভেচ্ছা জানান। ভোটাররাও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সকল প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত পরিচালনা কমিটি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, যানজট নিরসন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালন করবে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন লেমুয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে।
















