ঢাকা থেকে গ্রেপ্তার ফেনীর একাধিক মামলার আসামি আলমগীর হোসেন সিদ্দিকী
- Update Time : ০২:০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী।
হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর মামলার প্রধান আসামিকে বিশেষ অভিযানে আটক; আদালতে সোপর্দ করেছে পুলিশ
ফেনীর ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টাসহ একাধিক গুরুতর ধারার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকীকে রাজধানী ঢাকা থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে ফেনী জেলা পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া থানার এফআইআর নং-২৩, তারিখ ২৫ জুলাই ২০২৬-এর মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি মো. আলমগীর হোসেন সিদ্দিকী (পিতা: আমির হোসেন লাকী, গ্রাম: উত্তর লাংগলমোড়, থানা: ছাগলনাইয়া, জেলা: ফেনী) দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ছাগলনাইয়া থানাধীন একটি বালুমহলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনি প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত রয়েছেন।
এদিকে, পুলিশের অপরাধ তথ্যভাণ্ডার সিডিএমএস (CDMS) পর্যালোচনায় আলমগীর হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় আরও একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে দায়ের হওয়া মামলা, অপহরণ মামলা এবং হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজুকৃত আরও কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বলেন, “ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই আলমগীর হোসেন সিদ্দিকীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ বিষয়ে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।















