ক্লিন ফেনী কর্মসূচির উদ্বোধন: ফুলগাজীতে উপজেলা পরিষদ চত্বরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
- Update Time : ০২:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৪ Time View

মোহাম্মদ হানিফ স্টাফ রিপোর্টার ফেনী জেলা।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের ঘোষিত ‘ক্লিন ফেনী’ কর্মসূচির অংশ হিসেবে ফুলগাজী উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আনসার-ভিডিপি সদস্য, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাওসার হামিদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার (গোলাপ), উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ কাওসার হামিদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ফুলগাজী উপজেলাজুড়ে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগ পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিস্তৃত করা হবে।
তিনি বলেন, বর্ষা মৌসুমে জমে থাকা আবর্জনা ও স্থির পানির কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
ইউএনও আরও বলেন, “প্রত্যেকে যদি নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তা, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলেন, তাহলে পুরো ফুলগাজী উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জনপদে পরিণত করা সম্ভব হবে।” তিনি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নাগরিককে নিজ নিজ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তাদের মতে, প্রশাসনের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে সম্পৃক্ত হলে ফুলগাজীকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য উপজেলায় রূপান্তর করা সম্ভব হবে।
‘ক্লিন ফেনী’ কর্মসূচির মাধ্যমে প্রশাসন শুধু পরিচ্ছন্নতা অভিযানই নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে একটি সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যাশা করছে।

















