কালীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধের জেরে সংঘর্ষ, আহত ৮
- Update Time : ১০:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১৩ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামে জমি ও দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মাঘুরালি গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার (২৫), মোহাসিন কারিগরের স্ত্রী রাফেজা বেগম (৪০), নুর ইসলামের স্ত্রী খাদিজা খাতুন (৫০), আব্দুল আজিজের ছেলে আবুল কালাম (২২), মৃত আদর আলী কারিগরের ছেলে নুরুল ইসলাম (২২), গোলাম ওয়ারেস (৫২), এসহানুলের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং বেলায়েত আলী কারিগরের ছেলে আব্দুল আজিজ (৪২)। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজসহ কয়েকজন গ্রামবাসীর অভিযোগ, শত বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ নেতা সাইদুর রহমান ও তার ভাই নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান বলেন, বিরোধপূর্ণ চলাচলের পথটি তার রেকর্ডভুক্ত ব্যক্তিগত সম্পত্তি। এ কারণেই বিরোধের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে এর আগে নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এছাড়া বিরোধপূর্ণ রাস্তা নিয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও একাধিক অভিযোগ দেওয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















