কুবিতে ১১ অক্টোবর চিঠি উৎসব, থাকছে ‘অপ্রতীম স্টল’ প্রদর্শনী
- Update Time : ১২:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ২৬ Time View

শরীফুল ইসলাম, কুবি প্রতিনিধি:বিশ্ব ডাক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হবে ‘চিঠি উৎসব’। দিনটি উদ্যাপনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নানা আয়োজন রেখেছে আয়োজক কর্তৃপক্ষ। এর মধ্যে থাকছে ‘অপ্রতীম স্টল’ প্রদর্শনী।
একসময় প্রিয়জনের চিঠির অপেক্ষায় দিন গুনতেন মানুষ। ডাকপিয়নের হাতে চিঠি পৌঁছালে আনন্দে ভরে উঠত মন। সময়ের পালাবদলে যোগাযোগের সেই জায়গা দখল করেছে মুঠোফোন, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম। তবে চিঠি, প্রয়োজনীয় নথি, টাকা ও পণ্য আদান-প্রদানে ডাকসেবার গুরুত্ব এখনো রয়েছে।
কুমিল্লা পোস্টাল ডিভিশনের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ‘অপ্রতীম স্টল’, ফিলাটেলিস্ট বুথ এবং আকর্ষণীয় সেলফি কর্নার। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে চিঠি ইস্যু, কপি হাউস ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে।
বিশ্ব ডাক দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’। চিঠি লেখার ঐতিহ্য ও মানুষের মধ্যে যোগাযোগের গুরুত্ব তুলে ধরতে আয়োজনে রাখা হয়েছে ‘আসুন, চিঠি লিখি, সম্পর্ক গড়ি’ এবং ‘একটি চিঠি, একটি হাসি, একটি সুন্দর আগামী’ স্লোগান।
এ বিষয়ে কুবি ডাকঘরের সাব-পোস্টমাস্টার ফারহানা শারমিন লিজা বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল যোগাযোগের প্রসার ঘটলেও চিঠির আবেদন ও আবেগ এখনো স্বতন্ত্র। শিক্ষার্থীদের মধ্যে চিঠি লেখার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ডাক বিভাগের সেবার সঙ্গে তাদের পরিচিত করতেই এ আয়োজন। আমরা আশা করছি, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা চিঠি লেখায় আগ্রহী হবে এবং ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবে।”
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। ডাকসেবার ঐতিহাসিক অবদান, বর্তমান ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

























