ইবিস্থ খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়
- Update Time : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৩১ Time View

ইবি প্রতিনিধি ইবিস্থ খুলনা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাজাতুল্লাহ শেখ- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, মো. মাছুদুল হক তালুকদার, ডা. মো. পারভেজ হাসান, ড. মোস্তফা আবেদ আলী, মো. রবিউল ইসলাম, মো. শরিফুল ইসলাম ও মিঠুন বৈরাগী।
এ সময় নবীনদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের ছাত্রজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা আজও আমাদের পথচলার অনুপ্রেরণা হয়ে আছে। সেই সময়ের সংগ্রাম, পারস্পরিক সহযোগিতা ও বন্ধনের গল্প তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। তোমরাই আগামী দিনে এই জেলা কল্যাণ সমিতিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমাদের শিকড়, আমাদের পরিচয় ও আমাদের শক্তির অন্যতম ভিত্তি হলো আমাদের প্রিয় খুলনা। তাই খুলনার প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় মনে রাখতে হবে। তোমরা নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করবে, নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখবে। মনে রেখো, ঐক্যবদ্ধ একটি প্রজন্মই পারে নিজের জেলা, বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিতে।
অনুষ্ঠানের সভাপতি সাজাতুল্লাহ শেখ সমাপনী বক্তব্যে বলেন, আজকের এই মিলনমেলা খুলনা জেলার শিক্ষার্থী ও উপদেষ্টাদের ঐক্যবদ্ধতা ও বন্ধনের প্রতীক। ইবির খুলনা জেলার শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা একটি দেহের ন্যায়। আমরা একে অপরের পাশে থেকে আনন্দিত হই। আমি আশা করি, আগামী দিনেও আমাদের এই ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে।

























