হরিপুরে জাতীয় যুব দিবস পালিত ও যুব ঋণের চেক বিতরণ
- Update Time : ০২:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৪০ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
”দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে যুব উন্নয়ন অধিদপ্তরের উপকারভোগী যুবক-যুবতী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকার প্রশিক্ষণ ও ঋণ সহায়তাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষিত যুবকরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










