রাজাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত দুই।
- Update Time : ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ৩ Time View

ঝালকাঠী প্রতিনিধি।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক মুদি ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাড়ির মালিক ও তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন উত্তর বাগড়ি এলাকার মুদি ব্যবসায়ী পরিমল হালদার (৬৫) ও তাঁর ছেলে পলাশ হালদার (৩৫)। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালা ভেঙে পরিমল হালদারের বসতঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা পলাশ হালদারকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে। তাঁর চিৎকার শুনে বাবা পরিমল হালদার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে ডাকাতরা পরিবারের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রব তছনছ করে। পরে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রুপা, চারটি টর্চলাইট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন লুট করে নিয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করে।
পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”



















