রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় দিন অনুষ্ঠিত
- Update Time : ০১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ১১১ Time View

নবাব রংপুর প্রতিনিধি: সাংবাদিকদের কাজের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে রংপুর পাবলিক লাইব্রেরি টাউন হলে মাসব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (০৩ অক্টোবর ২০২৬) কর্মশালার দ্বিতীয় দিনের ক্লাস সফলভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, রংপুর বিভাগের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে মাসব্যাপী এই প্রশিক্ষণটি প্রতি সপ্তাহে একদিন—অর্থাৎ প্রতি শনিবার সকাল ৯:৩০ মিনিট থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রধান প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সারোয়ার আহমাদ। প্রশিক্ষণ কর্মশালায় তিনি সাংবাদিকতার নীতিমালা, সংবাদ সংগ্রহের কৌশল এবং সাংবাদিকতার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার মাধ্যমে অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে দক্ষ সাংবাদিক তৈরির কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম ও আশুতোষ কুমার। জাতীয় সাংবাদিক সংস্থা রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন সুজনের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ধ্রুবক রাজ।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার নবাবসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে আয়োজিত এই প্রশিক্ষণ রংপুর বিভাগের সাংবাদিকদের পেশাগত মান ও রিপোর্টিংয়ের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।























