মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া
- Update Time : ১১:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

জসীমউদ্দিন মানিকছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক কার্পেটিং ও যোগ্যাছোলা বাজারে দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১ দশমিক ৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং এবং ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।
উদ্বোধন শেষে যোগ্যাছোলা শহীদ মিনার চত্বরে বাজার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এম আমিরুল ইসলাম রকির সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, এরই ধারাবাহিকতায় মানিকছড়িতে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে পারবেন। এতে কৃষকদের দুর্ভোগ কমবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান, জেলা বিএনপির সহসভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও আবদুর রব রাজা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এম এ করিম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং জেলা পরিষদ সদস্য মংসাপ্রু চৌধুরী।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।























