মাদককে ‘না’ বলুন: জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক, মোহাম্মদ রিকাবুল ইসলাম
জীবননগর, ১৮ জুলাই, ২০২৬
‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ ও মাদকসেবীদের আত্মসমর্পণ অনুষ্ঠান। শনিবার (১৮ জুলাই) বিকেল চারটায় আয়োজিত এই অনুষ্ঠানে মাদক নির্মূলে প্রশাসন ও এলাকাবাসী একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল। তিনি তার বক্তব্যে বলেন, “মাদকের ছোবল থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এটি শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, বরং দেশ, জাতি ও সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে। মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে এবং এর বিস্তার রোধে পুলিশ সর্বদা তৎপর।”
অনুষ্ঠানে আত্মসমর্পণকারী মাদকসেবীদের মাদক ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মাদক বর্তমান সময়ের এক মরণব্যাধি। এই ভয়াবহ অভ্যাস থেকে যুবসমাজকে বাঁচাতে না পারলে অদূর ভবিষ্যতে দেশ ও জাতি চরম বিপদের সম্মুখীন হবে। তাই সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবার ও নাগরিককে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে জীবননগর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন।




















