ঠাকুরগাঁয়ে বন্যপ্রাণীর আক্রমণে ১০ জন আহত।।এলাকাবাসী আতঙ্ক গ্রস্ত
- Update Time : ১০:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১৫৬ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুটি গ্রামে হায়না সদৃশ একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এঘটনায় আতংকে রয়েছেন গ্রামবাসী।
৩ আগস্ট (সোমবার ) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে।
স্থানীয় ও আহতদের স্বজনরা জানান, রাতের খাবার শেষে কেউ বাড়ির পাশের চায়ের দোকানে, আবার কেউ বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ প্রাণীটি এসে তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে প্রাণীটি কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও ছাগলের ওপরও আক্রমণ চালায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে সেটি এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং হায়না বলে দাবি করেন। তবে অনেকে বলছেন একটি প্রাণীই এসব মানুষকে আক্রমণ করেছেন।
আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, আহতদের ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যাদের আঘাত গুরুতর, তাদের অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।



























