জামালপুরে বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা
- Update Time : ০৫:৫১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ৯ Time View

মো: শিহাব মাহমুদ,জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে বজ্রপাতে নিহত মোঃ হাসমত আলীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মাঝে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে নিহতের বাড়িতে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত ২৬ এপ্রিল (রবিবার) এক ভয়াবহ বজ্রপাতের ঘটনায় লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামের মোঃ হাসমত আলী মৃত্যুবরণ করেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।
আজ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার নিহতের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন।
অনুদান প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বজ্রপাতে প্রাণহানির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকার সবসময় দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।



















