ডিউটি শেষে হামলার শিকার নৈশপ্রহরী, দুমকিতে আটক রিমন
- Update Time : ০৪:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২১ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকিতে ডাচ্-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী মো. কালাম সরদারকে পথরোধ করে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রিমন রায়হান নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।
গত সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মো. কালাম সরদার ডাচ্-বাংলা ব্যাংকে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিওর সামনে পৌঁছালে রিমন রায়হান, কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন।
এ সময় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের সঙ্গে কালাম সরদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর শুরু করেন। এতে কালাম সরদার আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে রিমন রায়হান ও কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনায় আহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারভুক্ত ১ নং আসামি রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।






















