বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল থেকে, আরেক বাসের চাকায় পিষ্ট মাইলস্টোন শিক্ষিকা তিশা
- Update Time : ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ Time View

আবু তালেব বিশেষ প্রতিনিধি
একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। মুহূর্তেই আরেক বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসফিয়া আহমেদ তিশার (৩১)।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাসফিয়া আহমেদ তিশা নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পেছন থেকে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান তিনি। ঠিক তখনই আরেকটি বাসের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বনশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসফিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়ায়। তাঁর বাবা মো. শফিউদ্দিন আহমেদ। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাসফিয়া মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এর পরপরই সারা পরিবহনের আরেকটি বাসের চাকায় চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর বাসের চাকায় হাতের ছাপও দেখা যায়।
এক স্বজন জানান, একটি কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুটি বাস জব্দ, চালক-হেলপার আটক
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজন চালক ও একজন হেলপারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবারই যাওয়ার কথা ছিল কক্সবাজারে
দুর্ঘটনার খবর পেয়ে তাসফিয়ার স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা জানান, তাসফিয়া তাঁর দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল।
মূসা বলেন, সড়কে তাসফিয়ার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি পরিবারের সদস্যদের খবর দেন।
একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়া, এরপর মুহূর্তের মধ্যে আরেক বাসের চাকায় পিষ্ট হওয়ার ঘটনায় মাইলস্টোন শিক্ষিকা তাসফিয়ার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।






















