৮ বছরের শিশু প্রিতমকে বাঁচাতে এগিয়ে আসুন
- Update Time : ১২:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ১ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):মাত্র আট বছর বয়স। যে বয়সে বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে আনন্দে মেতে ওঠার কথা, সেই বয়সেই হৃদ্রোগের সঙ্গে লড়াই করছে ছোট্ট শিশু প্রিতম আচার্য্য। জীবন বাঁচানোর এই কঠিন লড়াইয়ে তার সবচেয়ে বড় ভরসা এখন চিকিৎসা আর মানুষের মানবিক সহযোগিতা।
চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুর গশ্চি এলাকার চন্দ্র আচার্য্যের বাড়ির সন্তান প্রিতম আচার্য্য বর্তমানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। ইতোমধ্যে তার চিকিৎসার পেছনে অনেক টাকা ব্যয় হয়ে গেছে। কিন্তু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে গিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিতমের চিকিৎসার জন্য আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন। এত বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা অসচ্ছল পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুল আকাঙ্ক্ষা, অন্যদিকে অর্থের অভাব—এই কঠিন বাস্তবতায় অসহায় হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।
একটু সহযোগিতাই হতে পারে বেঁচে থাকার আশার আলো
একটি শিশুর জীবন কি অর্থের অভাবে থেমে যাবে? আর্থিক অসচ্ছলতার কারণে কি আট বছরের প্রিতম হারিয়ে ফেলবে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন? প্রিতমের পরিবার এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হতে চায় না। তারা চান, প্রিয় সন্তানটি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, হাসি-আনন্দে ভরে উঠুক তার ছোট্ট পৃথিবী।
এ অবস্থায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মানবিক কাজে এগিয়ে আসা সবার প্রতি প্রিতমের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার।
আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য আর্থিক সহায়তাও এই শিশুর চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কেউ হয়তো এক বেলার খরচ বাঁচিয়ে সহযোগিতা করতে পারবেন, কেউ হয়তো সামর্থ্য অনুযায়ী বড় অঙ্কের অনুদান দেবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠতে পারে প্রিতমের চিকিৎসার অর্থ। ফিরে আসতে পারে একটি পরিবারের মুখে হাসি, বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে একটি নিষ্পাপ শিশু।
কবি ও শিল্পীর অমর বাণী— “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— আমাদের মানবিকতার কথাই স্মরণ করিয়ে দেয়। মানুষের বিপদে মানুষই এগিয়ে আসবে, দুঃখে-দুর্দশায় একে অপরের পাশে দাঁড়াবে—এটাই মানবতার প্রকৃত শিক্ষা।
তাই আসুন, প্রিতমের পাশে দাঁড়াই। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে এগিয়ে আসি। আমাদের সামান্য সহযোগিতাও হয়ে উঠতে পারে তার জীবন রক্ষার পথে বড় সহায়।
প্রিতমের পরিবারের আকুল আবেদন: আপনাদের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতায় আমাদের সন্তান যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। অর্থের অভাবে তার চিকিৎসা যেন থেমে না যায়। একটি শিশুর মুখে হাসি ফোটাতে, একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে—আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা
বিকাশ নম্বর: 01715679473
আপনার সহযোগিতায় বাঁচুক প্রিতম, বেঁচে থাকুক একটি নিষ্পাপ শিশুর স্বপ্ন।
























