দামুড়হুদায় ভোরে অটো ছিনতাই: রাতে পুলিশ টহলের দাবিতে থানায় গ্রামবাসী
- Update Time : ০৯:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামসংলগ্ন মাঠে ভোরে যাত্রীদের টাকা ও গহনাসহ একটি ইজিবাইক (অটো) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ ১৭ অক্টোবর, ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে চন্দ্রবাস গ্রামসংলগ্ন মানিকতলা মাঠে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা চন্দ্রবাস গ্রামসংলগ্ন মানিকতলা মাঠের রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি অটো ছিনতাইকারীদের কবলে পড়ে। দুষ্কৃতকারীরা যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা, মূল্যবান গহনাসহ সম্পূর্ণ অটোটি ছিনতাই করে পালিয়ে যায়।
এদিকে এই ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চন্দ্রবাস গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা দামুড়হুদা থানায় উপস্থিত হন। গ্রামবাসীর অভিযোগ, রাতে পুলিশের কোনো টহল না থাকার কারণেই অপরাধীরা এমন দুর্ধর্ষ ঘটনা ঘটানোর সাহস পাচ্ছে।
থানায় অবস্থানকালে গ্রামবাসী চন্দ্রবাসসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে তাঁরা কার্পাসডাঙ্গা ও নাটুদহ পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে রাতে নিয়মিত ও জোরদার পুলিশ টহল চালুর আহ্বান জানান। দামুড়হুদা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি পদক্ষেপ ও এলাকায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে।




















