ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর সহযোগী অভিযোগ তুলে তার মোটরসাইকেলে আগুন
- Update Time : ১১:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১১ Time View

মো:রবিউল,উপজেলা প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর সহযোগী অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে না পেয়ে তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবরা বোর্ডহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তারা ঘটনাটি জেনেছে এবং তদন্ত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী আজ শুক্রবার সকালে ‘মাদকবিরোধী অভিযানের’ নামে ভেবরা গ্রামের দরিমানের ছেলে ইসহাকের বাড়িতে যান। ইসহাককে মাদক ব্যবসায়ী ইমামের সহযোগী বলে অভিযোগ করা হচ্ছে। বাড়িতে তাঁকে না পেয়ে ইসহাকের ব্যবহৃত মোটরসাইকেলটি বোর্ডহাট বাজারে নিয়ে আসা হয়। সেখানে উত্তেজিত জনতা সেটিতে আগুন ধরিয়ে দেন।
হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ইমাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আমিনুলের দাবি, ইমাম একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু জামিনে বেরিয়ে আবারও একই ব্যবসায় জড়িয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা আছে বলেও জানান তিনি। ইসহাকসহ আরও কয়েকজন ইমামের সহযোগী হিসেবে কাজ করেন বলে অভিযোগ করেন আমিনুল।
এ ঘটনার দুই দিন আগে, গত বুধবার (৪ নভেম্বর) বোর্ডহাট বাজারে মাদকবিরোধী একটি সভা হয়। সেখানে এলাকায় মাদক ব্যবসায় জড়িত অভিযোগে কয়েকজনের নাম প্রকাশ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানা গেছে, মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী ওই সভায় তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন।
মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, তিনি ফোনে ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারেন না। কোনো অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।




















