জবিতে গবেষণা অনুদান পেলেন ছাত্রদল নেতা শাহরিয়ার
- Update Time : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৫৬ Time View

রাকিব মাহী, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এমফিল, পিএইচডি ও মাস্টার্স (থিসিস) পর্যায়ের শিক্ষার্থী এবং গবেষকদের মধ্যে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাহরিয়ার হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমফিল শিক্ষার্থী। তাঁর গবেষণার বিষয় ‘Women Access to Information in Bangladesh: A Study on Union Digital Center’।
গবেষণা অনুদান পাওয়ার পর শাহরিয়ার হোসেন বলেন, এ অনুদান তাঁকে আরও দায়িত্বশীলভাবে গবেষণাকাজ পরিচালনায় উৎসাহিত করবে। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে কাজ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্য কার্যকর গবেষণার মাধ্যমে ইতিবাচক অবদান রাখতে চান।
তিনি আরও বলেন, ‘ছাত্রদল নেতারা কেবল রাজপথেই নয়, একাডেমিক উৎকর্ষ অর্জনেও নিবেদিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা থেকে কর্মী—সবার মধ্যেই এই স্পৃহা কাজ করবে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



















