যশোরে করিমন চুরির অভিযোগে ধাওয়া, নিহত ১, নিখোঁজ ১
- Update Time : ০৫:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১১ Time View

যশোর জেলা প্রতিনিধি :যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে করিমন চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালে পড়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিল্লাল নামে আরও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া মনিরুজ্জামান নামে একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে চান্দুটিয়া গ্রামে করিমন চুরি করে পালানোর অভিযোগে তিনজনকে ধাওয়া করেন স্থানীয়রা। এ সময় তারা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে মিজানুর রহমান ও বিল্লাল পানিতে পড়ে যান।
পরে মিজানুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি খায়রুলের ছেলে। তবে বিল্লালের এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় মনিরুজ্জামানকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুনেহ সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।
এদিকে নিখোঁজ বিল্লালের সন্ধান এবং ঘটনার বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
























