লেখনীর নতুন দিনের প্রত্যাশায় কুবির তরুণ লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর
- Update Time : ১০:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

শরীফুল ইসলাম, কুবি প্রতিনিধিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখার বাংলাদেশ তরুণ কলাম ফোরামের নবীবরণ, দায়িত্ব হস্তান্তর ও কর্মশালা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের ২০২৫-২০২৬ কার্যবর্ষের সভাপতি আল মাসুম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য মাফরোহা
তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়৷
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ মাওলা,একই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম (বিদ্যুৎ),লেখক ফোরামের ২০২৫-২০২৬ কার্যরবর্ষের উপদেষ্টা মোহাম্মদ রাজীব, কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদের সদস্য নাদিয়া আফরোজ, সাধারণ সম্পাদক সাইদুল হাসানসহ ফোরামের অন্যান্য সদস্য।
অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, “তরুণ কলাম লেখক ফোরাম দীর্ঘদিন ধরে লেখালেখি ও চিন্তাশীল চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সংগঠনের পরিসর বৃদ্ধি, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং প্রকাশিত লেখাগুলোকে আরও বেশি প্রচারের আওতায় আনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “এটি ভবিষ্যৎ লেখক ও সাংবাদিক হওয়ার একটি চর্চার জায়গা। যারা লিখছে, তাদের লেখাগুলো বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে, যাতে নবীনরা অনুপ্রাণিত হয়। নিয়মিত আলোচনা ও নির্দিষ্ট বিষয়ে লেখার চর্চা বাড়াতে পারলে এখান থেকে আরও মানসম্পন্ন ও গঠনমূলক লেখা প্রকাশ পাবে।”
অধ্যাপক ড. আহমেদ মাওলা বলেন, “বিশ্ববিদ্যালয় মূলত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন করে, অর্থাৎ গবেষণাভিত্তিক শিক্ষা ও জ্ঞানচর্চাকে এগিয়ে নেয়। অন্য ধরনের বিশ্ববিদ্যালয় কেবল বিদ্যমান জ্ঞান বিতরণ করে। আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখনো জ্ঞান বিতরণের মধ্যেই সীমাবদ্ধ। এই ধারা থেকে বেরিয়ে এসে গবেষণা ও জ্ঞান উৎপাদনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
সংগঠনের বর্তমান সভাপতি ইয়াসিন ইবনে ফিরোজ বলেন, “দায়িত্ব হস্তান্তর কেবল একটি সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়; এটি চিন্তা, মূল্যবোধ ও দায়বদ্ধতার উত্তরাধিকার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার একটি প্রক্রিয়া। সত্য ও ন্যায়ের পক্ষে লেখনীর এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই আহ্বানকে ধারণ করেই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজন তরুণদের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতের দক্ষ লেখক ও সচেতন নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তরুণ লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এছাড়া ‘বানান শুদ্ধি অভিযান-২০২৬’-এর তিন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। তারা হলেন—মো. রিমেল (প্রথম), মো. কামরুল হাসান কাকন (দ্বিতীয়) এবং রায়হানুল বারী রাসেল (তৃতীয়)।
এদিকে, তরুণ লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের সেরা লেখক নির্বাচিত হয়েছেন ইয়াছিন ইবনে ফিরোজ এবং সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন তামিম মিয়া।
























