মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:
সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে বেসরকারি সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার রয়েল প্লাস কনভেনশন হলে কনক চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সালমা আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল।
দিনব্যাপী এই প্রশিক্ষণ ও পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল এবং সক্রিয় কর্মী আচল খান।
সভায় অংশগ্রহণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, মানব পাচারের প্রাথমিক ধারণা, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা, সিটিসি কমিটির কার্যক্রম এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ, দমন ও ভিকটিম সাপোর্ট নিয়ে বিস্তারিত ধারণা লাভ করেন। পরবর্তীতে দলীয় আলোচনার মাধ্যমে একটি টেকসই কৌশলগত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
সমাপনী অধিবেশনে দিনব্যাপী কাজের পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সাধারণ সম্পাদক কর্ন বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, “মানব পাচার বর্তমান বিশ্বের একটি অন্যতম গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন। আধুনিক যুগে এর রূপ বদলে এখন সাইবার ট্রাফিকিং পর্যন্ত গড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সুইজারল্যান্ড সরকার ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় ‘রূপান্তর’ প্রতিনিয়ত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এ সভার মূল উদ্দেশ্য হলো অ্যাক্টিভিস্টদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা সমাজপর্যায়ে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেন। জেলা ও ইউনিয়ন পর্যায়ের সিটিসি কমিটিকে কার্যকর করার পাশাপাশি ভিকটিমদের আইনি সহায়তা ও সেবা নিশ্চিত করতে পারলে এ অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”
বক্তারা আরও জোর দিয়ে বলেন, “গৃহীত কর্মপরিকল্পনা ও টেকসই রূপরেখা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়ন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হয়ে মানব পাচারমুক্ত এক নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।”
উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর দীর্ঘদিন ধরে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ এবং ভিকটিমদের পুনর্বাসন ও সহায়তায় নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
























