শিক্ষার মানোন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: বার্ষিক রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত কমিটির প্রত্যয়
- Update Time : ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৪৪ Time View

মোঃ জাহাঙ্গীর আলম সুমন
বিশেষ প্রতিনিধি
শিক্ষা শুধু পাঠদান নয়, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি—এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতি (বার্ষিক) রাণীশংকৈল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দে, রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ গঠন, শিক্ষক–সাংবাদিক সমন্বয় এবং আগামী দিনের শিক্ষা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফেরদৌস আলম মানিক। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু শিক্ষকদের একার দায়িত্ব নয়; অভিভাবক, গণমাধ্যম ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভায় সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বলেন, রাণীশংকৈল উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল, আধুনিক ও ফলপ্রসূ করতে শিক্ষক সমাজ ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে নিজ নিজ অভিজ্ঞতা, মতামত ও শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকরাও শিক্ষা সংশ্লিষ্ট গঠনমূলক সংবাদ পরিবেশন ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আশ্বাস দেন।
সভাটি সঞ্চালনা করেন মোঃ মোশাররফ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষা ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রাণীশংকৈলকে একটি আদর্শ শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



















