মঠবাড়িয়ায় তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার,পলাতক ভাড়াটিয়ার সন্ধানে পুলিশ
- Update Time : ১১:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৬ Time View

মোঃ আঃ কুদ্দুস খান, মঠবাড়ীয়া পিরোজপুর প্রতিনিধি:
উপজেলায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১মে) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরামবাগ এলাকার বাসিন্দা মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মোহাম্মদ সাজিদুর রহমান মজিদ। তার স্থায়ী ঠিকানা উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে। কিছুদিন ধরে ভাড়াটিয়ার গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়।
এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানের সময় ভাড়াটিয়া সাজিদুর রহমান মজিদ বাসায় উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি আগেই পালিয়ে যান। বর্তমানে তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।এদিকে মঠবাড়ীয়ার বিভিন্ন এলাকায় উক্ত গাজা ব্যবসার সিন্ডিকেটের সদস্যরা হতাশার প্রহর গুনছে।এবং রাস্তায় রাস্তায় গুমরে মুচরে হাপাচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছি। আসামি পলাতক রয়েছে, তবে তাকে দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়দের মতে,এ ধরনের মাদক উদ্ধার অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।









