পবিপ্রবির প্রকৌশল অনুষদের ডিন হলেন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন
- Update Time : ১১:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৩৯ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রকৌশল অনুষদের (Faculty of Engineering) ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
রবিবার (২১ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভার সুপারিশ এবং ১১ ডিসেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৭তম সভার সিদ্ধান্তের আলোকে পবিপ্রবি আইন, ২০০১-এর ধারা ২৩(৪) অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
আগামী দুই বছরের জন্য প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। দায়িত্ব পালনকালীন তিনি বিধি অনুযায়ী প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা রাখে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এ নিয়োগ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন দীর্ঘদিন ধরে পবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।























