পবিপ্রবিতে র্যাগিংয়ের ঘটনায় ১৩ শিক্ষার্থীকে শাস্তি প্রদান
- Update Time : ১১:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

মোঃ সজিব সরদার স্টাফ রিপোর্টার :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনায় দ্বিতীয় সেমিস্টারের ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে ২৪ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভায় এসব শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শাস্তিপ্রাপ্ত ১৩ শিক্ষার্থী হলেন—ইএসডিএম অনুষদের ২য় সেমিস্টারের প্রিয়ম কুমার সাহা (আইডি-২৪০৬০৭০, রেজি. ১২৯২১), কৃষি অনুষদের মো. আসিফ জাহান (আইডি-২৪০১১৩৫, রেজি. ১২৭৫২), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের তৌফিক হোসেন আলিফ (আইডি-২৪০৭০৬৭, রেজি. ১৩২৪২), একই অনুষদের মনুয়িম তাজওয়ার মাহি (আইডি-২৪০৭০২৯, রেজি. ১৩৩১৮), সিএসই অনুষদের মো. আশরাফুল হক চৌধুরী (আইডি-২৪০২০৪১, রেজি. ১২৮৭৩), ইএসডিএম অনুষদের মো. সাকিব হোসেন মজুমদার (আইডি-২৪০৬০৬৪, রেজি. ১৩২৮৭), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের মো. মুমিনুল ইসলাম (লাবিব) (আইডি-২৪০৭০২১, রেজি. ১৩৩১০), ইএসডিএম অনুষদের উৎস বর্মন (আইডি-২৪০৬০৬৫, রেজি. ১৩২৮৮), কৃষি অনুষদের মো. নাহিম (আইডি-২৪০১০৫৯, রেজি. ১২৬৭৬), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (আইডি-২৪০৭০০৫, রেজি. ১৩২৯৪), কৃষি অনুষদের জোবায়ের আহমেদ লিমন (আইডি-২৪০১১৮৪, রেজি. ১২৮০১), একই অনুষদের মো. রাজিব মিয়া (আইডি-২৪০১২০৪, রেজি. ১২৮২১) এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের লক্ষন চন্দ্র রায় (আইডি-২৪০৭০৬৮, রেজি. ১৩৪২৯)। তাঁরা সবাই বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী।
অফিস আদেশ অনুযায়ী, জরিমানা হল- প্রিয়ম কুমার সাহা ও মো. আসিফ জাহানকে ২০ হাজার টাকা করে জরিমানা, এক বছরের জন্য হল থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে প্রক্টর কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব শাস্তি অমান্য করলে তাঁদের তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
তৌফিক হোসেন আলিফ, মনুয়িম তাজওয়ার মাহি, মো. আশরাফুল হক চৌধুরী, মো. সাকিব হোসেন মজুমদার, মো. মুমিনুল ইসলাম (লাবিব), উৎস বর্মন ও মো. নাহিমকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তি অমান্য করলে তাঁদের এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জোবায়ের আহমেদ লিমন ও মো. রাজিব মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শাস্তি অমান্য করলে তাঁদেরও এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
অন্যদিকে, লক্ষন চন্দ্র রায়কে অভিভাবকের উপস্থিতিতে প্রক্টর কার্যালয়ে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কারের মতো শাস্তি দেওয়ার কথাও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা বহিষ্কারকালীন কোনোভাবেই ক্যাম্পাস বা হলে অবস্থান করতে পারবেন না। এছাড়া অফিস আদেশ জারির ১৫ কর্মদিবসের মধ্যে নির্ধারিত হিসাব নম্বরে অর্থদণ্ডের টাকা জমা দিতে হবে।
























