নারায়ণগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টাকালে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
- Update Time : ১২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

আবু তালেব বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টাকালে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও অভিযুক্ত নারীর দেওয়া তথ্যানুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মধ্যে মৌখিকভাবে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পরও ওই ব্যক্তি নিয়মিত সাবেক স্ত্রীর বাসায় আসা- যাওয়া করতেন। প্রায় তিন মাস আগে তিনি দ্বিতীয় বিয়ে করলেও বিষয়টি মেনে নিয়ে তাকে বাসায় আসার অনুমতি দেন অভিযুক্ত নারী।
তবে অভিযুক্ত স্ত্রীর দাবি, তার স্বামী কোনো ভরণপোষণ দিতেন না। উল্টো নিজের বেতন পাওয়ার পর টাকার দাবিতে তার বাসায় আসতেন এবং প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন। ঘটনার দিন রাতে আবারও জোরপূর্বক সম্পর্কের চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে তিনি এই পদক্ষেপ নেন, যার একপর্যায়ে স্বামীর গোপনাঙ্গ কেটে যায়।
ঘটনাস্থল পরিদর্শনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মামুন জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






















