দুমকিতে ২৫০ কৃষাণীর স্বাবলম্বিতার পথে পল্লী সেবা সংঘের নতুন উদ্যোগ
- Update Time : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৩০ Time View

মোঃ সজিব সরদার স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দুমকীতে আধুনিক তথ্যপ্রযুক্তিনির্ভর কৃষি চাষাবাদ বিষয়ে ২৫০ কৃষাণীকে প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
পল্লী সেবা সংঘের (পিএসএস) উদ্যোগে সংগঠনটির অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। চারটি ব্যাচে কৃষাণীদের তিন দিন করে প্রশিক্ষণ দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় পল্লী সেবা সংঘ (পিএসএস)এর প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষাণীর মধ্যে ছয় ধরনের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
বাড়ির আঙিনা ও পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে শাক-সবজি চাষ, উৎপাদন বৃদ্ধি, রোগবালাই নিয়ন্ত্রণ, নিরাপদ কৃষি উৎপাদন এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষিকাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্পর্কেও কৃষাণীদের ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা তরুন হালদার ও ফারজানা লিনা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক অলিউল ইসলাম। সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মাদ কবির হাওলাদার।
বক্তারা বলেন, বাড়ির আঙিনা ও পতিত জমিতে পরিকল্পিতভাবে শাক-সবজি চাষ করলে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদিত পণ্য বাজারজাত করে বাড়তি আয় করা সম্ভব। এতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগও তৈরি হবে।
আয়োজকদের ভাষ্য, উন্নত জাতের বীজ সরবরাহের পাশাপাশি হাতে-কলমে আধুনিক চাষাবাদের প্রশিক্ষণের মাধ্যমে বাড়ির আঙিনা ও পতিত জমিকে উৎপাদনমুখী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষাণীদের আয় বৃদ্ধি ও স্বাবলম্বিতা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।

























