কুবির বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মহিউদ্দিন
- Update Time : ০৩:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৮ Time View

শরীফুল ইসলাম, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে ।
অফিস আদেশে বলা হয়, বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের দায়িত্বের মেয়াদ ৬ অক্টোবর ২০২৬ তারিখে পূর্ণ হয়েছে। তাঁর মেয়াদ শেষ হওয়ায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান এবং হলে পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করাই তাঁর প্রথম অগ্রাধিকার। বিশেষ করে হলের ডাইনিংয়ের সমস্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আবাসিক শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ-সুবিধার দিকে গুরুত্ব দেওয়াও।
তিনি বলেন, ‘প্রথম অগ্রাধিকার থাকবে শিক্ষার্থীদের সমস্যাগুলো। হলের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে চাই। শিক্ষার্থীদের প্রধান সমস্যাগুলোর মধ্যে ডাইনিংয়ের বিষয়টি রয়েছে। এরপর হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য বিষয় রয়েছে। এসব দায়িত্বে যারা আছেন, তাঁদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, “প্রভোস্ট নিয়োগ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও ধারাবাহিক কার্যক্রমের অংশ। আগের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খানের দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। হলের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। আগের প্রভোস্টের মেয়াদ শেষ হয়েছে। তাঁর পরিবর্তে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এটি একটি ধারাবাহিক কার্যক্রম।”


























