কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স, তিন ইউনিয়নে শুরু তথ্য সংগ্রহ
- Update Time : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৬ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার কুশুলিয়া, ধলবাড়িয়া ও মথুরেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যদের ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন এবং ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত তিনটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সভায় প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপযুক্ত পরিবার নির্বাচন, তথ্য যাচাই এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের মতে, আর্থিক ও সামাজিকভাবে সহায়তা প্রয়োজন এমন পরিবারকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করাই ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম লক্ষ্য। এ জন্য উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।























