কলকাতার হোটেলে ভয়াবহ আগুনে কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যু
- Update Time : ০২:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে ঘের ব্যবসায়ী এস এম আলিমুজ্জামান সাজু (৪৫) এবং কালিগঞ্জের বাসিন্দা রেবতী সরকার।
স্বজনদের সূত্রে জানা গেছে, কোমরের ব্যথার চিকিৎসার জন্য প্রায় ৫–৬ দিন আগে সাজু ভারতে যান। চিকিৎসা শেষে বুধবার তার দেশে ফেরার কথা ছিল। এর মধ্যেই কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে। রেবতী সরকারও চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত প্রায় ২টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। এ সময় হোটেলে থাকা কয়েকজন আটকা পড়েন। অগ্নিকাণ্ডে মোট নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা নিহতদের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করছে। কালিগঞ্জের দুই বাসিন্দার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে।























