ইবির ৫ম সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন
- Update Time : ০৮:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আনুষ্ঠানিক অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
রোববার (৮ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স রুমে পোর্টাল উদ্বোধনের আয়োজন করা হয়। সমাবর্তন রেজিস্ট্রেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এ তথ্য জানান।
অফিস সূত্রে জানা যায়, আগামী ২রা ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। পোর্টালটি আগামী ১০নভেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।
সমাবর্তন রেজিস্ট্রেশন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান বলেন, ছবি আপলোডে স্পষ্ট নির্দেশনা ও রেজিস্ট্রেশন পোর্টাল উপস্থাপনের সময় ছবি আপলোডের মাপ নিয়ে সংশোধনীর কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা আবেদন করবেন এবং অনেকেই প্রযুক্তিতে দক্ষ নন। তাই নির্ধারিত মাপ অনুযায়ী ছবি আপলোডের নির্দেশনা পোর্টালে স্পষ্টভাবে দিতে আইসিটি সেলকে জানান, যাতে প্রক্রিয়াটি সহজ হয়।
রেজিস্ট্রেশন ফি কমানো হয়েছে ও বিভিন্ন কমিশনের সম্মানিত কনভেনারদের সঙ্গে বৈঠকে রানিং ও প্রাপ্ত শিক্ষার্থীদের বিষয় বিবেচনায় নেওয়া হয়। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি এক ধাপ কমানোর সিদ্ধান্ত হয়।
এছাড়াও সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীদেরও সমাবর্তনে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদেরও সমাবর্তনের মাধ্যমে সনদ গ্রহণের অধিকার রয়েছে বলে মনে করেন কমিটির সভাপতি।
নিবন্ধনের যোগ্যতা:
অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত ও মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
কমিটির সভাপতি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কষ্টে অর্জিত সনদ নিজ নিজ অবস্থান থেকে গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে নমনীয় নীতিমালার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


























