৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেপ্তার
- Update Time : ০৫:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ২২ Time View

আবু তালেব বিশেষ প্রতিনিধি
ইয়াবা পাচারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) রাতে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ তাকে এবং তার সহযোগী ওয়াসিমকে (২৪) গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেনের নেতৃত্বে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রথমে ওয়াসিমকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এএসআই শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তার কাছে মেলে ২০০ পিস ইয়াবা। এরপর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লির নূর বিল্ডিংয়ের ৬৭ নম্বর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়। আসামিদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে দক্ষিণখান ও আশপাশের এলাকায় বিক্রি করতেন।
এদিকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এএসআই শফিকুল থানায় দায়িত্ব পালনে অনিয়মিত ছিলেন।
























