রংপুরে নারী উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত
- Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রংপুর টাউন হল চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন ফিডার পরিচালক এফ এম ফিরোজ পাশা এবং নির্বাহী পরিচালক ফিরোজা বেগম।
মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও উপস্থাপন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ, সৃজনশীলতা ও স্বাবলম্বী হওয়ার প্রত্যয় তুলে ধরা হয় ।আয়োজকরা জানান, নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নারীদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা জরুরি।
নারীর অধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার বার্তা নিয়ে আয়োজিত এ মেলা রংপুরে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


























