শার্শায় পৃথক অভিযানে ৯৯ বোতল কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
- Update Time : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৬ Time View

মাসুদ রানা(যশোর):যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৯ বোতল কফ সিরাপ ও ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ফয়সাল আহম্মেদ ইমন ও শিপন মোড়ল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমকোটা ও শিকারপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের শাহজাহান সরদারের ছেলে ফয়সাল আহম্মেদ ইমনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনক্রেক্স ও ২০ বোতল ইসকফ কফ সিরাপ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই রাত পৌনে ১২টার দিকে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের অপর একটি দল শিকারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজনের সহায়তায় শিপন মোড়লকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় শিপন মোড়লের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি শিকারপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।





















