রাউজানে শ্যামা সংঘের উদ্যোগে সর্বজনীন কালীপূজা
- Update Time : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৫ Time View

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া রক্ষিত-গুহপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী রক্ষাকালী মাতৃমন্দির প্রাঙ্গণে শ্যামা সংঘের উদ্যোগে সর্বজনীন শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী ৪৪তম বার্ষিক মহোৎসব ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন ১৪ নভেম্বর ২০২৬ তারিখে পূর্ণাহুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।
চার দিনব্যাপী এ মহোৎসবে ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যা আরতি, দেবী কালীর পূজা-অর্চনা, পুষ্পাঞ্জলি নিবেদন, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন, মহানামযজ্ঞের শুভ সূচনা, তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।
আয়োজক সূত্রে জানা যায়, কাল, মহাকাল যাঁর অধীন, সেই দেবী মহাকালী অশুভ শক্তির দমন এবং সৃষ্টির পালন ও কল্যাণের জন্য বারবার আবির্ভূত হন—এমন ধর্মীয় বিশ্বাস ও ভাবধারাকে ধারণ করে দেবী কালিকার চরণে অর্ঘ্য নিবেদন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ও ভক্তির আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও এ মহোৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সুচিয়া থেকে আগত শ্রী প্রিয়ব্রত গোস্বামী (তনু)। মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন শ্রী বলদেব জিউ সম্প্রদায়, নোয়াখালী (মাস্টার গোপাল চক্রবর্তী); শ্রী মদনমোহন সম্প্রদায়, চট্টগ্রাম (মাস্টার সুমন পাল); শ্রী নিতাই গৌর সম্প্রদায়, মানিকগঞ্জ (মাস্টার রিপন বাবু) এবং শ্রী ব্রজনন্দন সম্প্রদায়, সাতক্ষীরা (মাস্টার কার্তিক বসু)।
মহোৎসবের দিনগুলোতে দিবা-রাত্রি ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। ১৪ নভেম্বর শনিবার উষালগ্নে পল্লী পরিক্রমার মধ্য দিয়ে মহানামযজ্ঞের পূর্ণাহুতি অনুষ্ঠিত হয়। এ সময় দূরদূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী মিটু দাশ, অর্থ সম্পাদক শ্রী সুমন সেন ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব মল্লিকসহ আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠান সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন। এ ছাড়া সুব্রত দে, নান্টু দে, পিন্টু দে, উজ্জ্বল দে, শ্যামল দে, সুমন দেব, চন্দন দেব, কাঞ্চন দে, অর্ক দাশ (তীর্থ), নিলয় দে, অজয় দাশ, রূপন দে, সুজন দে, বিজয় দাশ, অন্তর দে, মাহাথীর দে (মুন্না), অর্ক দাশ, আপন দে, অনিক দে, রিপন দে, হৃদয় দে, রঞ্জন দে, দুর্জয় দেসহ কমিটির অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
স্থায়ী কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ সুবর্ণ রক্ষিত। স্থায়ী কার্যকরী পরিষদের সভাপতি অপরূপ রক্ষিত, সাধারণ সম্পাদক নিপুল কান্তি দে ও অর্থ সম্পাদক মিটু দাশ,তরুণ কান্তি দাশ,তুষার দাশ বর্মন, টিপু কান্তি দাশ, জগদীশ চন্দ্র দে, কাঞ্চন দাশ, কাজল রক্ষিত, সমীরণ সেন, সরোজ গুহ, শিবু দে, বাবুল দে, তপন দে, খোকন দে (নিপু), শংকর রক্ষিত, চন্দন দাশ ও বরুণ দাশসহ সংশ্লিষ্টরা মহোৎসব বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অন্নপ্রসাদ বিতরণে সার্বিক সহযোগিতা করে উদয়ন সংঘ, ব্রহ্মদাশ পাড়া এবং কল্পতরু রাসমন্দির, নোয়াপাড়া। অন্নপ্রসাদ ভান্ডারের দায়িত্ব পালন করেন প্রদীপ দে, সমীর দে, বাবুল দে, লক্ষ্মী দে ও পরেশ দে,পতুল দে।
আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে ৪৪তম বার্ষিক এ মহোৎসব সম্পন্ন হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়েছে।





















