রংপুরে তরুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান পুলিশ কমিশনারের
- Update Time : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৫ Time View

আজিজ,রংপুর প্রতিনিধি:রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় রংপুর জেলা পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর উদ্যোগে এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে।
রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও জেলা পুলিশ, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খেলাধুলায় উৎসাহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম। এ সময় রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাং এবং বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।
তিনি আরও বলেন, কাবাডি আমাদের দেশীয় ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা। এ খেলার চর্চা ও প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করে তিনি রংপুর রেঞ্জের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, তাঁদের ক্রীড়াশৈলী ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করবে বলে তিনি আশাবাদী। খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে রংপুরের গৌরব সমুন্নত রাখার পাশাপাশি জাতীয় পর্যায়েও দেশের সম্মান ও মর্যাদা উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পুলিশ কমিশনার বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















