ভুয়া নার্স পরিচয়ে চিকিৎসার অভিযোগ: ভুল ইনজেকশনে নবজাতকের মৃত্যু, আটক এক নারী
- Update Time : ১০:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৩৮ Time View

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার ফেনী:
ফেনীর জাহানপুর এলাকায় ‘ফেনী কেয়ার’ হাসপাতালে ভুয়া নার্স পরিচয়ে দীর্ঘদিন ধরে ধাত্রীর কাজ করার অভিযোগ উঠেছে ছকিনা নামের এক নারীর বিরুদ্ধে। তার দেওয়া ভুল চিকিৎসা ও ব্যবস্থাপনায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, ২১ বছর বয়সী রাদিয়া নামের এক প্রসূতি মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে প্রসব ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা ছকিনাকে খবর দেন। তিনি এসে প্রাথমিকভাবে রোগী দেখে চলে যান। পরে বিকেলে পুনরায় এসে প্রসব ব্যথা বাড়ানোর উদ্দেশ্যে একটি ইনজেকশন প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে।
এরপর রোগীর অবস্থা আরও জটিল হলে ছকিনা সন্ধ্যা পর্যন্ত বাড়িতেই প্রসব করানোর চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি প্রসব পথে আটকে গেলে তিনি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের লোকজন রোগীকে ‘ফেনী কেয়ার’ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাফি করে জানান, গর্ভের শিশুটি আর জীবিত নেই। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে মৃত নবজাতককে বের করা হয় এবং প্রসূতিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় আরও অভিযোগ উঠেছে যে, ছকিনা নিজেকে হাসপাতালের সিনিয়র সেবিকা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন এবং একটি ভুয়া পরিচয়পত্র ব্যবহার করতেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, তারা তাকে কোনো ধরনের নিয়োগ বা পরিচয়পত্র প্রদান করেনি।
জিজ্ঞাসাবাদের সময় ছকিনা ‘সাত্তার’ নামের এক ব্যক্তির কথা উল্লেখ করেন, তবে জানা গেছে তিনি বর্তমানে ওই হাসপাতালে কর্মরত নন।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ছকিনাকে আটক করে হেফাজতে নেয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



















