পবিপ্রবিতে উন্নয়নের নতুন অধ্যায়, একসঙ্গে উদ্বোধন ৬ স্থাপনার
- Update Time : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ২৪ Time View

মোঃ সজিব সরদার
স্টাফ রিপোর্টারঃ অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (২য় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ছয়টি গুরুত্বপূর্ণ স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। একসঙ্গে ছয়টি স্থাপনার উদ্বোধনে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নতুন এসব অবকাঠামো শিক্ষা, গবেষণা, বিদ্যুৎ ব্যবস্থাপনা, কৃষি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধন হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র, ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা খামার ভবন, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়িঘর।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ওবায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আজকের এই আনন্দময় মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ একযোগে আমরা ছয়টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।
তিনি বলেন, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে মানসম্মত অবকাঠামোর কোনো বিকল্প নেই। সদ্য উদ্বোধন করা প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে।
উপাচার্য আরও বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও নতুন নতুন স্থাপনা নির্মাণ করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থাপনাগুলো নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রাষ্ট্রীয় অর্থে নির্মিত এসব সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও সবার সম্মিলিত দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নতুন ছয় স্থাপনার উদ্বোধনের মধ্য দিয়ে পবিপ্রবির চলমান উন্নয়ন কার্যক্রমে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সংযোজন হলো।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এসব অবকাঠামো ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পথকে আরও সুগম করবে।
বার্তা প্রেরক:-
মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ
মোবাইল: ০১৬১২১৭৯৯৬৭
তারিখ: ১৭.০৮.২০২৬ ইং

























