নূরনগরে দুই বছরের শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১১:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ২০ Time View

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের ছোট শ্যামনগর গ্রামে পানিতে ডুবে আব্দুর রহমান নামে ২ বছর বয়সী এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা মোঃ আমির হোসেনের ছোট ছেলে আব্দুর রহমান প্রতিদিনের মতো বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরিবারের সদস্যরা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকায় কেউ বিষয়টি খেয়াল করতে পারেননি।
কিছু সময় পর শিশুটিকে আশপাশে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির পিতা মোঃ আমির হোসেন একজন ইঞ্জিনভ্যান চালক। জীবিকার তাগিদে তিনি বাইরে অবস্থান করছিলেন। অন্যদিকে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই মাত্র অল্প সময়ের ব্যবধানে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত আব্দুর রহমান ছিল পরিবারের সবার আদরের সন্তান। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে। ঘটনাস্থলে ছুটে এসে অনেকেই শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
এলাকাবাসীর দাবি, গ্রামের অধিকাংশ বাড়ির আশপাশে পুকুর থাকলেও ছোট শিশুদের নিরাপত্তায় অনেক সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় না। তারা শিশুদের প্রতি আরও বেশি নজরদারি বৃদ্ধি এবং পুকুরের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
নিষ্পাপ শিশু আব্দুর রহমানের এই করুণ মৃত্যু শুধু তার পরিবারকেই নয়, পুরো ছোট শ্যামনগর গ্রামবাসীকেই গভীরভাবে শোকাহত করেছে। এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া।



















