গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী
- Update Time : ০৩:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭ Time View

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):
শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সনাতনী বন্ধুমহল’-এর আয়োজনে অনলাইনভিত্তিক গীতা পাঠ কার্যক্রম ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, চট্টগ্রামের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম—চট্টগ্রাম কেন্দ্র, উত্তর ফতেয়াবাদ, নদীর হাট, হাটহাজারী-এ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, ২০২৩ খ্রিস্টাব্দ থেকে অনলাইনভিত্তিক ‘গীতারধ্বনি’ গীতা পাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। ক, খ, গ ও ঘ—এই চারটি বিভাগে অংশগ্রহণকারীদের মধ্য থেকে গীতাপাঠের মান, শুদ্ধতা, উপস্থাপন এবং গীতার শিক্ষার প্রতি আন্তরিকতার ভিত্তিতে প্রতিটি বিভাগে সেরা ১০ জন করে মোট ৪০ জন বিজয়ী নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য শুধু তরুণ প্রজন্মকে গীতাপাঠে উৎসাহিত করা নয়; বরং গীতার অমৃতবাণী জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও প্রয়োগের অনুপ্রেরণা সৃষ্টি করা। সত্য, ন্যায়, কর্তব্যনিষ্ঠা, ভক্তি, জ্ঞান, আত্মসংযম, সমভাব, নির্ভয়তা, অহংকার ত্যাগ এবং সকল সৃষ্টির প্রতি মঙ্গলভাব—গীতার এসব শিক্ষা নতুন প্রজন্মের জীবনচর্চায় ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, সনাতনী প্রজন্মের মধ্যে গীতার আলোয় আলোকিত, মানবিক, নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার এটি একটি ক্ষুদ্র প্রয়াস। গীতার জ্ঞানকে শুধু পাঠের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিজীবন, পরিবার ও সমাজে এর ইতিবাচক মূল্যবোধ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন ড. শ্রী বরুণ কান্তি সাহা, পরিচালক, বিসিএসআইআর ল্যাবরেটরি লি.।
প্রধান অতিথি হিসেবে থাকবেন শ্রী বিপ্লব দে পার্থ, কার্যকরী সাধারণ সম্পাদক, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
সম্মানিত অতিথি হিসেবে থাকবেন অ্যাডভোকেট শ্রী নিখিল কুমার নাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রী দিলীপ চক্রবর্তী, ট্রাস্টি, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (চট্টগ্রাম কেন্দ্র)।
এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শ্রী ঝুলন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী টিংকু চৌধুরী, শ্রী রতন দাশ, সহ-সভাপতি, পরিচালনা পরিষদ, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম (চট্টগ্রাম কেন্দ্র); শ্রী চন্দন মহাজন, যুগ্ম-সাধারণ সম্পাদক, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদ; শ্রী অরুণ পালিত বাসু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাউজান উপজেলা; শ্রী সুমন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাউজান উপজেলা; শ্রী অঞ্জন দাশ, পরিচালক, নিউলাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার; শ্রী রুভেল দেব, সাধারণ সম্পাদক, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদ; এবং শ্রী লিংকন তালুকদার, সাধারণ সম্পাদক, ডাবুয়া হলদিয়া যুগল সংঘ।
‘গীতারধ্বনি’ প্রতিযোগিতার বিচারকমণ্ডলী
অনলাইনভিত্তিক ‘গীতারধ্বনি’ গীতা পাঠ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং গীতানুধ্যায়ী ডা. সুপণ বিশ্বাস শঙ্করেশ।
এ ছাড়া বিচারকমণ্ডলীতে রয়েছেন জুয়েল কান্তি ধর, সাধারণ সম্পাদক, বাগীশিক হাটহাজারী পৌর সংসদ; এবং শ্রী বিনয় দাশ, ফটিকছড়ির বিশিষ্ট গীতাপাঠক ও সংগীতশিল্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘গীতারধ্বনি’র আয়োজক শ্রী আকাশ দে। সঞ্চালনায় থাকবেন ‘গীতারধ্বনি’র আয়োজক শ্রী বাপ্পা দাশ।
আয়োজক ‘সনাতনী বন্ধুমহল’ জানিয়েছে, গীতার জ্ঞান ও মানবিক শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে আরও বিস্তৃত করার ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪০ জন বিজয়ীকে সম্মাননা ও পুরস্কার প্রদানের পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে গীতার আদর্শ ও মানবিক মূল্যবোধ অনুসরণে উৎসাহিত করা হবে।
























