গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করে সাতক্ষীরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- Update Time : ০৪:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ Time View

আরিফুজ্জামান আরিফ,শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২১ সেপ্টেম্বর সকালে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আনিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে হবে। একই সঙ্গে মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা বলেন, মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।এ সময় গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, “আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের বিষয়টি নিয়ে ভাবা দরকার। মানুষের সামনে প্রকৃত বিষয়গুলো তুলে ধরতে হবে এবং চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো দেখা প্রয়োজন।”স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, নির্বাচনের সময় গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে আশ্বস্ত করে ভোট নিয়েছেন। তার প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও তারা দাবি করেন।ঘটনার বিবরণ:রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে। তবে মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এবং মামলায় করা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।



















