অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ইউপি সদস্য মোরাদের অনিশ্চয়তা
- Update Time : ১২:০২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৬৫ Time View

নবাব,রংপুর প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৪ নম্বর বাহাগিলী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ও সাবেক সফল ইউপি সদস্য (মেম্বার) মো. মোরাদ হোসেনের শারীরিক অসুস্থতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে সর্বস্তরে ব্যাপক আলোচনা-পর্যালোচনা চলছে। এলাকায় জনসেবায় দীর্ঘদিনের পরিচিত মুখ এই জনপ্রতিনিধির অসুস্থতার খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে গভীর সমবেদনা ও উৎকণ্ঠা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মো. মোরাদ হোসেন দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। টানা অসুস্থতার কারণে আসন্ন নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে মাঠে থাকতে পারবেন কি না—তা নিয়ে নির্বাচনী এলাকার ভোটার ও স্থানীয় রাজনীতির মাঠে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
তবে নির্বাচন ও শারীরিক অবস্থা নিয়ে তৈরি হওয়া এসব জল্পনা-কল্পনার বিষয়ে মুখ খুলেছেন মেম্বার মো. মোরাদ হোসেনের ছেলে। তিনি জানান, শরীর অসুস্থ থাকলেও তাঁর বাবার মূল ইচ্ছা চিরকাল জনগণের পাশে থাকা।
তিনি বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এলাকায় কিছুটা অনিশ্চয়তা ও নানা আলোচনা তৈরি হয়েছে। তবে আমরা মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ ভরসা রাখছি। আল্লাহ যদি আমার বাবাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, তবে তিনি অবশ্যই আগামী নির্বাচনে অংশ নেবেন এবং পুনরায় এলাকাবাসীর সেবা ও সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন।”
তিনি আরও যোগ করেন, মোরাদ হোসেন কেবল একজন জনপ্রতিনিধিই নন, বরং ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটি পরিবারের সুখ-দুঃখের সহযাত্রী। তাই এই কঠিন সময়ে কোনো প্রকার গুজবে কান না দিয়ে বাবার দ্রুত সুস্থতার জন্য দল-মত নির্বিশেষে ৪ নম্বর বাহাগিলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও শুভানুধ্যায়ীদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যদের একটাই প্রত্যাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে মো. মোরাদ হোসেন দ্রুত আরোগ্য লাভ করে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে নিবেদিত রাখবেন।




















