হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং প্রশিক্ষণকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত ১ কর্মকর্তা আহত
- Update Time : ১০:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণ চলছিল। এ সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
প্রাথমিকভাবে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিহত দুই সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়। তারা হলেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস এবং সৈনিক মো. তাসনিম রিফাত। আহত কর্মকর্তা হিসেবে ক্যাপ্টেন মীর্জা মহিউদ্দীন-এর নাম বিভিন্ন প্রতিবেদনে এসেছে।
নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, তিনি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে তিনি চট্টগ্রামে সেনা কোয়ার্টারে বসবাস করতেন। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি সন্তানের বাবা হয়েছিলেন বলে স্থানীয় সূত্রের জানা গেছে।
অপর নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি প্রায় এক যুগ ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে এমন দুর্ঘটনায় দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে। দুর্ঘটনায় আহত কর্মকর্তা ঢাকার সিএমএইচ এ উন্নত চিকিৎসাধীন রয়েছেন।

























