শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ Time View

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সচেতন নাগরিক সমাজ। পৌরসভা ঘোষণার পর নাগরিক সুবিধা বাড়ার পরিবর্তে সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানো হয়েছে—এমন অভিযোগ তুলে দ্রুত পৌরসভা বাতিলের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।বুধবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌর সদর চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ফরুক হোসেনের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে ইউপি সদস্য বাবলুর রহমান, মনিরুল ইসলাম, শেখ জাবেরসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, ২০২২ সালের ২৭ নভেম্বর সরকার শ্যামনগর পৌরসভা ঘোষণা করে। পৌরসভা গঠনের পর সাধারণ মানুষের ওপর বাড়তি করের বোঝা চাপানো হলেও নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বরং বিভিন্ন ক্ষেত্রে পৌরবাসীর ভোগান্তি বেড়েছেতাদের অভিযোগ, পৌরসভা ঘোষণার পর দীর্ঘ সময় পার হলেও পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ, পানি নিষ্কাশন ও পয়ঃনিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।বক্তারা আরও বলেন, শুধু পৌরসভা ঘোষণা করলেই নাগরিক সুবিধা নিশ্চিত হয় না। জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবা নিশ্চিত করা জরুরি। সেবা না দিয়ে জনগণের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানববন্ধন থেকে দ্রুত শ্যামনগর পৌরসভা বাতিল করে সংশ্লিষ্ট এলাকাগুলোকে পূর্বের ইউনিয়ন পরিষদ ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।পরে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচি থেকে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।























