আগৈলঝাড়ায় গৈলা একতা যুবসমাজের পরিচ্ছন্নতা কর্মসূচি, প্রশংসায় এলাকাবাসী
- Update Time : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ৮ Time View

মো:আশরাফ বরিশাল ক্রাইম রিপোর্টার:-
“মানবতার সেবায় বদ্ধপরিকর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেছে সামাজিক সংগঠন ‘গৈলা একতা যুবসমাজ’।
সংগঠনটির উদ্যোগে এলাকার গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা যায়।
জানা গেছে, খুলনা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ৪নং গৈলা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশ দিয়ে চলে যাওয়া শহীদ আলাউদ্দিন সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশের দুই পাশ দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে আচ্ছাদিত ছিল। এতে পথচারীদের চলাচলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে অন্ধকারের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছিল। এছাড়া ঝোপঝাড়ের কারণে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর উপদ্রবের আশঙ্কাও ছিল।
এ অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে গৈলা একতা যুবসমাজের সদস্যরা। সংগঠনের তরুণরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করে এলাকার পরিবেশকে আরও নিরাপদ ও চলাচল উপযোগী করে তোলেন। তাদের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
গৈলা একতা যুবসমাজের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এ বছরও তারা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছেন। সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সংগঠনটি নিয়মিত ফ্রি রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছে। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমও তাদের চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহ্ মোহাম্মাদ নয়ন বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। রাস্তার দুই পাশে অনেক ঝোপঝাড় ছিল, ফলে বিশেষ করে রাতের বেলায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ত। সাপের ভয়ও ছিল। যুবকদের এই উদ্যোগে এখন মানুষ অনেক স্বস্তি নিয়ে চলাচল করতে পারবে।”
এলাকাবাসী জানান, যুবসমাজের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অন্যদেরও সমাজসেবায় উদ্বুদ্ধ করবে। তারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন, শহীদ আলাউদ্দিন সড়কের গুরুত্বপূর্ণ অংশে দ্রুত ল্যাম্পপোস্ট স্থাপন করা হোক। এতে রাতে সড়কটি আরও নিরাপদ হবে এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধা বৃদ্ধি পাবে।
সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে তরুণদের এই অংশগ্রহণ স্থানীয়ভাবে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের তরুণরা এভাবে এগিয়ে এলে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।




















