রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৩৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৭ Time View

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া বরকতের নাম ঘোষণা করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রফিকুল ইসলাম জামাল ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।
সভায় তিনি নেতাকর্মীদের সংগঠনের নিয়মনীতি ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
প্রধান বক্তা ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল ও রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু।।
২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ান মাস্টারের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ঘোষিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া বরকত। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।এ সময় শুক্তাগড় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
























