যশোরে ছাত্রদলের সাবেক নেতা সুমনকে ছুরিকাঘাতের ঘটনায় মামুনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা
- Update Time : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ২ Time View

যশোরে জাতীয়তাবাদী ছাত্রদলের নগর শাখার সাবেক আহ্বায়ক সুমন আহমেদকে কুপিয়ে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন সুমনের বাবা মো. রশিদুল ইসলাম। তিনি শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার বাসিন্দা। তবে, এ মামলায় এখনো কেউ আটক হয়নি।
আসামিরা হলেন, বারান্দীপাড়ার জাহাঙ্গীরের ছেলে মামুন, মৃত বিশুর ছেলে মো. সাগর, বারান্দীপাড়ার খেজুরবাগান এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও বর্তমানে মান্দারতলার মেঠোপুকুরপাড় এলাকার বাসিন্দা সিরাজুল, মাজেদের ছেলে সাগর ওরফে চোর সাগর, পশ্চিম বারান্দীপাড়ার কদমতলার নাটা বিশ্বাসের ছেলে রফিকুল ইসলাম জিকো এবং নাথপাড়ার শিয়া বাড়ির সামনের এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সুজন।
রশিদুল ইসলাম এজাহারে অভিযোগ করেন, আসামিরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার ছেলে সুমনের সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা ছিল। এর জেরে তারা সুমনকে খুন ও জখমের হুমকি দিয়ে আসছিলেন। গত ২৪ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে সুমন পূর্ব বারান্দীপাড়ার ঢাকা রোডে মাদ্রাসার সামনে গেলে আসামিরা আচমকা তার ওপর চড়াও হন। তাঁরা সুমনকে মারধর করেন এবং ধারালো দা দিয়ে কুপিয়ে ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আসামিরা ইজিবাইক কেনার জন্য সুমনের পকেটে রাখা ৮০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সুমনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।























